মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
রাজশাহী বিভাগের জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দকে নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় বগুড়ার টিএমএসএস অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের সার্বিক সাংগঠনিক অবস্থা পর্যবেক্ষণ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে নেতাকর্মীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্না।
তিনি বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নেতাকর্মীদের ত্যাগ, ঐক্য ও শৃঙ্খলার সঙ্গে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, রাজশাহী বিভাগে যুবদলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ইলিয়াস আহমেদ হিমেল রানা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান রাজনৈতিক আন্দোলনে যুবদলের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।