নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডা থানার অস্ত্রধারী সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী মোঃ শফিকুল ইসলাম হেলাল(৩৭)’কে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গোয়ালপাড়া এলাকা হতে ৭ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজী বাড়ি এবং নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শফিকুল ইসলাম হেলাল (৩৭) ও তার সহযোগীরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরূপ তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল অস্ত্রধারী সন্ত্রাসী হেলাল এর কার্যক্রম এবং গতিবিধির উপর গোয়েন্দা নজরদারি শুরু করে। বেশ কিছুদিন প্রযুক্তিগত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পর্যালোচনা করে জানা যায় আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শফিকুল ইসলাম হেলাল এর বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় একাধিক হত্যা, অস্ত্র, মারামারী ও চাঁদাবাজি মামলা রয়েছে।
আটককৃত আসামী মোঃ শফিকুল ইসলাম হেলাল গত ৬ মাস পূর্বে তার আর এক সহযোগী মোজাম্মেল অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর থেকে বাড্ডা এলাকা ছেড়ে এসে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায় গোপনে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে এবং বাড্ডা এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির কার্যক্রম পরিচালনা করে আসছিল। র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে সন্ত্রাসী মোঃ শফিকুল ইসলাম হেলাল ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারী ২০২৬ ইং তারিখ সন্ধ্যা অনুমানিক ১৮৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর আভিযানিক দল জানতে পারে যে, আটককৃত মোঃ শফিকুল ইসলাম হেলাল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোয়ালপাড়া এলাকায় তার ভাড়া বাসা হতে সন্ত্রাসী কার্যক্রমের জন্য বাড্ডার উদ্দেশ্যে রওনা করে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে র্যাব-১ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকার লিংকব্রিজ-১ মোড়ে অবস্থান নেয়।
র্যাব-১ এর আভিযানিক দলটি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকার লিংকব্রিজ-১ মোড়ে অবস্থান নেয়ার একপর্যায়ে আটককৃত আসামী মোঃ শফিকুল ইসলাম হেলাল(৩৭), পিতা-মোঃ আব্দুল আজিজ, মাতা-মোছাঃ সাহেরা, সাং-বাসা নং-২, মিছরী টোলা, সাতারকুল রোড, স্মাৃতিভোলা, থানা-বাড্ডা, জেলা- ডিএমপি, ঢাকা, এ/পি- হোল্ডিং নং-১৪৮৬, ওয়ার্ড নং-০২, গোয়ালপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ মোটরসাইকেলযোগে বাড্ডা যাওয়ার সময় তাকে মোটর সাইকেলসহ আটক করে। পরবর্তীতে তার দেখানোমতে র্যাব-১ এর আভিযানিক দলটি তার ভাড়া বাসার শয়নকক্ষের বালিশের নীচ হতে ৭ রাউন্ড গুলিভর্তি ১টি বিদেশি রিভলবার, চাঁদাবাজির নগদ ৩২৬১০০/- টাকা, মোবাইল ফোন ০২ টি, পকেট রাউটার ০১টি ও পাওয়ার ব্যাংক ০১ টি উদ্ধার করে।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অস্ত্রটি তার নিজের বলে স্বীকার করে। এই অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী ও মাদকব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে আরও স্বীকার করে যে, সে রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী রবিন গ্রুপের সক্রিয় সদস্য।
এছাড়াও ধারনা করা যাচ্ছে যে, আসন্ন নির্বাচনের সময় আটককৃত অস্ত্র প্রভাব বিস্তারের জন্য কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টায় ব্যবহার করা হতে পারত। আটককৃত আসামী মোঃ শফিকুল ইসলাম হেলাল এর তথ্যের ভিত্তিতে তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।