বালুয়া ভূমি অফিসে বইছে স্বস্তির বাতাস, হয়রানি ও দালালমুক্ত সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

আপলোড সময় : ১০-০১-২০২৬ ১২:৪৪:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০১-২০২৬ ১২:৪৪:২৮ অপরাহ্ন
রুবেল হোসাইন সংগ্রাম,রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সেবার মান এখন যে কোনো সময়ের তুলনায় ঈর্ষণীয়। এক সময় যে অফিস ছিল দালাল আর অনিয়মের আখড়া, আজ সেখানে সাধারণ মানুষ পাচ্ছেন হয়রানিমুক্ত সেবা। এই আমূল পরিবর্তনের নেপথ্যে রয়েছেন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. নুরুজ্জামান, যাঁর নিষ্ঠা ও জনবান্ধব উদ্যোগ এখন এলাকার মানুষের মুখে মুখে।


​২০২৪ সালের ৩ জানুয়ারি যোগদানের পর থেকেই মো. নুরুজ্জামান অফিসকে ঢেলে সাজাতে শুরু করেন। তাঁর স্বচ্ছ ও কঠোর অবস্থানের কারণে ২০২৫-২৬ অর্থবছরের মাত্র ৬ মাসেই লক্ষ্যমাত্রার ৯১% ভূমি উন্নয়ন কর আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন, যা উপজেলায় একটি নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

​শুধু অফিস নয়, মাঠ পর্যায়েও সমান সক্রিয় এই কর্মকর্তা। সম্প্রতি এসিল্যান্ডের সহায়তায় যমুনেশ্বরী নদীর শিবপুর ব্রিজসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনের অধিক ব্যক্তিকে কারাদণ্ড এবং ট্রাক্টর মালিককে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। ময়েনপুরসহ বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা বন্ধে তাঁর নিয়মিত টহল এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান বালু সিন্ডিকেটের কাছে তাঁকে ‘মূর্তিমান আতঙ্কে’ পরিণত করেছে।


​বুজরুক সন্তোষপুর গ্রামের মফিজুল ইসলাম ও হামিদপুর গ্রামের আবু হাসান আলীসহ একাধিক সেবাগ্রহীতা জানান, "আগে এই অফিসে আসতে ভয় লাগত। দালাল আর অনিয়মে মানুষের ভোগান্তির শেষ ছিল না। কিন্তু নুরুজ্জামান সাহেব আসার পর থেকে খারিজ ও খাজনার সব অনিয়ম দূর হয়েছে। তিনি আমাদের সরাসরি সেবা দেন।" গ্রাহক ভোগান্তি কমাতে অফিস চত্বরে সরকার অনুমোদিত একটি ভূমি সেবা কেন্দ্রও স্থাপন করা হয়েছে, যেখানে উদ্যোক্তা শরিফুল ইসলাম নিয়মিত কারিগরি সহায়তা দিচ্ছেন।


​নিজের কর্মপন্থা সম্পর্কে সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, "চাকরি জীবনে কোনো অনৈতিক সুবিধা না নেওয়ার শপথ নিয়েই এখানে এসেছিলাম। দালাল সিন্ডিকেট বা অসাধু চক্র সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।"


​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান বলেন, "বালুয়া মাসিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার নুরুজ্জামানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করছেন। তাঁর কাজে কোনো গাফিলতি আমরা লক্ষ্য করিনি।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]