মো: ফাহিদুল ইসলাম রিহাত, ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর আহ্বায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস স্যার গতকাল ০৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস শিক্ষা ও গবেষণায় নিবেদিত একজন আদর্শ শিক্ষক ছিলেন। তিনি তাঁর দীর্ঘ একাডেমিক জীবনে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয় শিক্ষক ছিলেন।
ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রাম ও জুলাই বিপ্লবে তিনি ছাত্র-জনতার সাথে রাজপথে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটকালে তাঁর দায়িত্বশীল ভূমিকা ও প্রজ্ঞা শিক্ষক-শিক্ষার্থী সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিশেষ করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত, ছাত্র সংসদ নির্বাচন আদায় এবং পর্যবেক্ষণের ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মরহুম অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন ও তার রূহের মাগফিরাত কামনা করছে৷ একইসাথে, তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।