রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিবেশ ধ্বংসের দায়ে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৫:২৫:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০৫:২৫:৪৩ অপরাহ্ন
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি):
 
পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অবৈধভাবে ইট প্রস্তুত ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে রাজস্থলী উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
আজ দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া ও বরইছড়ি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কলেজ পাড়ায় অবস্থিত কেবিডব্লিউ এবং বরইছড়ি গ্রামের বিআরবি নামক দুটি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। যা সরাসরি পাহাড়, বন, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
 
এসময় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিটি ইটভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কঙ্কনা প্রভা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম। জরিমানা আদায়ের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইটভাটা দুটির মালিকপক্ষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার কঠোর নির্দেশ প্রদান করেন।
 
অভিযানকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানানো হয়, পাহাড়ি পরিবেশ, বনাঞ্চল, কৃষি ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংস করে কোনোভাবেই উন্নয়ন গ্রহণযোগ্য নয়—এই বার্তা স্পষ্টভাবে দিয়ে দিয়েছে প্রশাসন।
প্রসঙ্গত ঃ অত্র উপজেলায় বন বিভাগ দায়িত্বহীনভাবে দায়িত্ব পালন করছে বলে অভিযোগ উঠেছে।


 
বন উজাড়, পাহাড় কাটা ও পরিবেশ ধ্বংসের ঘটনায় কার্যকর তদারকি চোখে পড়ছে না।
দায়িত্বপ্রাপ্ত সংস্থার নিষ্ক্রিয়তায় প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে।
বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগের জবাবদিহি ও কঠোর ভূমিকা এখন সময়ের দাবী।
 
 
 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]