শীত ও সূর্যহীন আবহাওয়ায় রাজস্থলীতে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৫:৩২:১৪ অপরাহ্ন
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি): পার্বত্য রাঙামাটির রাজস্থলী উপজেলায় কয়েকদিন ধরে সূর্যহীন আবহাওয়া, ঘন কুয়াশা ও তীব্র শীত অব্যাহত থাকায় ঠান্ডাজনিত রোগের ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু, বৃদ্ধ ও দীর্ঘদিনের রোগে আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের আবহাওয়ায় সর্দি-কাশি, ভাইরাল জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, অ্যাজমা ও ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বয়স্কদের ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। সূর্যের আলো না থাকায় শরীরে ভিটামিন-ডি-এর ঘাটতি দেখা দেয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও দুর্বল করে তোলে। রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে বলেন, আমাদের ইউনিয়নের বেশিরভাগ মানুষ দরিদ্র ও পাহাড়ি এলাকায় বসবাস করেন। অনেক পরিবারের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি শীতবস্ত্র বিতরণ ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ আরও বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, দুর্গম গ্রামগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা না হলে ঠান্ডাজনিত রোগ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। এ বিষয়ে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, বিশেষত শিশু, বয়োবৃদ্ধ ব্যক্তি, গর্ভবতী মহিলা এঁদের স্বাস্থ্যঝু্ঁকি অত্যন্ত বেশি , এজন্য উনাদের সতর্কতা অবলম্বন করা একান্ত প্রয়োজন। এছাড়া অনেকে আগুনের তাপ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হন। এজন্যও সতর্কতা আবশ্যক। এজমা বা হাঁপানি রোগীদেরও মাস্ক ব্যবহার করা এবং ঠান্ডা আবহাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, তিনি আরও জানান, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সচেতন মহলের মতে, রাজস্থলী উপজেলার মতো দরিদ্র ও সচেতনতা-ঘাটতিপূর্ণ পাহাড়ি অঞ্চলে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]