কুড়িগ্রাম জামায়াত মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় মনোনয়নপত্র অবৈধ

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:৫৯:৩২ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
 
আসন্ন ত্রায়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের (সালেহী) মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা। একইসঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
 
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
 
কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও সে বিষয়ে কোনও সিদ্ধান্তের প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।
 
অন্যদিকে একই আসনের প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আব্দুল খালেক তার কাঙ্ক্ষিত আসনের মোট ভোট সংখ্যার এক ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছেন তাতে অসঙ্গতি পাওয়া গেছে। দ্বৈবচয়নে ভোটারদের স্বাক্ষর যাচাইয়ে ১০ জন ভোটারের মধ্যে তিন জন ভোটারের স্বাক্ষর জাল বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
 
কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে ভোটারদের স্বাক্ষর জাল প্রমাণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।’
 
ভোটারের স্বাক্ষর জালের বিষয়ে বিএনপি নেতা আব্দুল খালেকের মন্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
প্রসঙ্গত, কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। বিকালে কুড়িগ্রাম-৪ আসনের বাছাই হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। এতে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে তারা আপিলের সুযোগ পাবেন।
 
V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]