কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

আপলোড সময় : ০২-০১-২০২৬ ১১:৩৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৬ ১১:৩৫:৫৬ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ইং ১২:০১ পিএম.
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তের একটি বিওপি ক্যাম্পে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।
 
শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম।
 
এর আগে ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে।
 
নিহত বিজিবি সদস্যের নাম মোঃ নাসিম উদ্দীন (২৪)। তিনি ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের মোঃ বাবুল মণ্ডলের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে নিজ দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন সিপাহী মোঃ নাসিম উদ্দীন। একপর্যায়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি।
 
গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয় এবং সেখান থেকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]