বেগম জিয়ার মৃত্যুতে মহানগরী দক্ষিণ জামায়াতের শোক ও দোয়া কামনা

আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:৫৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:৫৪:৫৩ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। 


এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ, বেগম জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।


নেতৃবৃন্দ বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপোষহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। নেতৃবৃন্দ আরও বলেন, পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান। তিনি আমৃত্যু আপোষহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপোষহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
  

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]