মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে এবং দিনাজপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু মনোনয়ন ফরম উত্তোলন করায় আয়োজিত আনন্দ মিছিলে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে।
মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপির অঙ্গসংগঠনের সক্রিয় নেতা শাহজাহান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আনন্দ র্যালিতে অংশগ্রহণের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মরহুম শাহজাহান চৌধুরী উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বীরগঞ্জ উপজেলা শাখার সদস্য এবং জিয়া সাইবার ফোর্স বীরগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সাহসী ও সক্রিয় ভূমিকা নেতাকর্মীদের মধ্যে ছিল সুপরিচিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে সহায়তার চেষ্টা করেন। তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাজপথেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতার জীবনসংগ্রামের পরিসমাপ্তি ঘটে রাজপথেই—যা উপস্থিত নেতাকর্মীদের আবেগাপ্লুত করে তোলে।
শাহজাহান চৌধুরীর আকস্মিক ইন্তেকালে বিএনপি ও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁদের এই কঠিন শোক সহ্য করার শক্তি কামনা করা হয়েছে।