কেন্দুয়ার ঐশীর বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চান্স

আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১২:৫৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৩:২৭:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মেধাবী ছাত্রী নুসরাত জাহান ঐশী দেশের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল বিভাগের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জানা গেছে, নুসরাত জাহান ঐশী কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি গ্রামের আবু সাদেক তালুকদার ও নাজমা আক্তারের কনিষ্ঠ কন্যা। তিনি বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর শারমিন জাহান শাম্মী ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ সায়মনের কনিষ্ঠ বোন।

ঐশী নিজ গ্রামের উলুয়াটি আদর্শ শিশু একাডেমি থেকে প্রাথমিক শিক্ষা কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন। পরবর্তীতে ২০২২ সালে আশুজিয়া জেএনসি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৪ সালে ময়মনসিংহ আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি মেধাতালিকায় ২০৯৬তম স্থান অর্জন করে শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন বলে জানান তিনি। ছোটবেলা থেকেই একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন লালন করে আসছেন ঐশী।

ঐশীর এই অর্জন কেন্দুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে তার শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার জানান, উলুয়াটি গ্রাম থেকে এই প্রথম কোনো মেয়ে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় গ্রামজুড়ে আনন্দের ঢেউ বইছে। পরিবারের পক্ষ থেকে ঐশীর সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং তার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]