পঞ্চগড়ে ডিবি পুলিশের সফল অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১২:১১:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১২:১১:৫৪ অপরাহ্ন

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 


পঞ্চগড় জেলা পুলিশ সুপারের কঠোর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পঞ্চগড় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে পঞ্চগড় সদর থানাধীন হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া মৌজার জনৈক সামাদ মাস্টারের সেচ পাম্প সংলগ্ন একটি খোলা ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে উক্ত স্থান থেকে ৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সেলিম (১৯), পিতা-খলিল, গ্রাম-মাঘই মুন্সিপাড়া, থানা-সদর, জেলা-পঞ্চগড়। পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক সংগ্রহ ও এলাকাভিত্তিকভাবে সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনানুগ পদ্ধতিতে তাকে জিজ্ঞাসাবাদ এবং আলামত জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে যেকোনো তথ্য প্রদান করতে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে শুধু পুলিশের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের জনগণের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]