রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা; র‌্যাবের অভিযানে প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার।

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ১২:৩৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ১২:৩৯:৪৪ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
 
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম সোহল রানা (২৮) একজন ট্রাক্টর চালক। ধৃত আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫) ভিকটিমকে মোটরসাইকেল চোর হিসেবে সন্দেহ করে আটক করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ইং ২৭/১০/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ধৃত আসামি ও তার সহযোগী আসামিগণ চোরাই মোটরসাইকেল উদ্ধারের জন্য ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাতনামা একটি চা-বিস্কুটের দোকানের সামনে নিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমকে চোর সন্দেহে আটক রেখে ভিকটিমের হাত-পা রশি দিয়ে শক্ত করে বেঁধে ধৃত আসামি ও সহযোগী  আসামিগণ ভিকটিমকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে মারাত্মক রক্তাক্ত ও জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ভিকটিমকে দু-পায়ের হাটুর নিচে বৈদ্যুতিক শক দিলে ভিকটিম গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে। ভিকটিম বাড়ীতে ফিরে না আসলে ভিকটিমের বাড়ীর লোকজন খোঁজ খবর ও অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ধৃত আসামি ও অজ্ঞাতনামা আসামিগণ মুক্তিপণের দাবিতে ১০০(একশত) টাকা মূল্যের ৩টি অলিখিত সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভিকটিমকে বাদীর কাছে বুঝিয়ে দেয়। বাদী ভিকটিমকে অসুস্থ ও মুমূর্ষু গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলে ইং ২৯-১০-২০২৫ তারিখ রাত ১১.৩০ ঘটিকায় নিজ বাড়ীতে ভিকটিম মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৯ তাং ৩০/১০/২০২৫ ইং ধারা ৩৬৪/৩৮৭/৩০২/৩৪ পেনাল কোড।
 
 ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। হত্যাকাণ্ডের পর থেকে গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। 
 
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-১, মিরপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল ইং ০৭/১২/২০২৫ তারিখ রাত ০০.১০ ঘটিকায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ১৬১/২৬, মাটিকাটা রোড (ইসিবি টু কালশী রোড), পল্লবী, ঢাকা সিরাজ আমেনা অটোমোবাইল সলিউশন এর সামনে অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার হত্যা মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি মোঃ হাফিজুর রহমান (৫৫), পিতা মৃত আব্দুল হামিদ, সাং- জলাইডাংগা, পশ্চিমপাড়া, থানা- পীরগঞ্জ, জেলা-  রংপুর‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]