ভেড়ামারায় পুকুর থেকে বৃদ্ধার গলা ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০৮:২৩:০৯ অপরাহ্ন
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় গলা ও হাত-পা বাঁধা অবস্থায় খায়রুন নেছা (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার  ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বানুতলা এলাকার একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত খায়রুন নেছা ওই একই এলাকার মৃত জব্বার শেখের স্ত্রী।

 
জানা গেছে, খায়রুন নেছার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

 
এছাড়াও তাঁর এক চোখ দিয়ে রক্ত ঝরছিল। পায়ের স্যান্ডেল ও ভর দিয়ে চলাফেরা করা লাঠি পুকুরের পাড়ে পড়েছিল।
 
 
স্থানীয়দের ভাষ্যমতে, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। খায়রুন নেছা তাঁর মেজো ও ছোট ছেলের কাছে থাকতেন। ছেলের বউদের সঙ্গে ঝামেলা হলে মাঝেমধ্যেই অন্যত্র গিয়ে থাকতেন।

 
বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন বলেন, আমার মায়ের লাশ একই ওড়না দিয়ে হাত-পা ও গলা বাঁধা ছিল। তাঁর লাশ পুকুরের মাঝখানে ভাসছিল। এটা কীভাবে সম্ভব হলো? কিছুই বুঝতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ বিচার চাই।

 
এ বিষয়ে ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, পুকুর থেকে উদ্ধার বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]