কুমারখালীতে মাদকের টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্ব, স্কুলছাত্রকে কুপিয়ে জখম

আপলোড সময় : ০৩-১২-২০২৫ ০১:২০:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১২-২০২৫ ০১:২০:০৪ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকের ১০ টাকা কম দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. ইব্রাহিম (১৮) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর লোকজনদের বিরুদ্ধে। আহত ইব্রাহিম কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভিতরে এ ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার আমজাদ আলীর ছেলে ও কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।



আহত ইব্রাহিমের বড় ভাই মেহেদী হাসান রানিম বলেন, আমার ছোট ভাই ইব্রাহিম সকালে এম এন স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল। সেসময় মাদক ব্যবসায়ী আরিফের লোকজন পথ থেকে ধাওয়া করে মাদ্রাসার ভেতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে। 

তিনি আরও বলেন, গত রবিবার কুমারখালী পৌরসভার শেরকান্দি পশুহাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মাদক ব্যবসায়ী আরিফের কাছে গাঁজা কিনতে গিয়েছিল ইব্রাহিম। তখন ১০ টাকা কম দিলে আরিফের সঙ্গে বাগবিতণ্ডা হয় ইব্রাহিমের। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরুদ্ধে ইব্রাহিমকে কুপিয়েছে আরিফের লোকজন। বিচারের আশায় থানায় মামলা করা হবে।

জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ইব্রাহিমকে ৮ থেকে ১০ জন ধাওয়া করে। তাদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। ধাওয়া খেয়ে ইব্রাহিম দৌড়ে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভেতরে ঢুকে পরে। দূর্বৃত্তরাও মাদ্রাসার ভেতরে ঢুকে ইব্রাহিমকে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, ঘটনার পর থেকেই আরিফ গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনটিও বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। আরিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, ইব্রাহিমের শরীরে একাধিক আঘাতের ক্ষত রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে এক ছাত্রকে কোপানোর ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]