মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওয়ে হোম হোটেলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বাসিন্দা। তার বাবা বিমল চন্দ্র অধিকারী। সবুজ বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শুক্রবার ওয়ে হোম হোটেলের একটি কক্ষে ওঠেন, শনিবার তার চেক-আউট করার কথা ছিল।
বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চেক- আউটের সময় পার হয়ে গেলেও সবুজ কক্ষ ত্যাগ না করায় হোটেল কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত্যের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।