এম এ কুদ্দুছ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে, এবং আরেকজন আহত হয়েছে৷ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের মধ্য পূর্বচর পাড়াতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটছে৷ এই ঘটনায় নিহত হয়েছে লিমন (২৬) একই গ্রামের কুদ্দুসের একমাত্র ছেলে ৷ এই ঘটনায় আহত নাঈম (২৪) ওই এলাকার সেকান্দর মিয়ার ছেলে ৷ সম্পর্কে তারা দুজন বন্ধু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মিলে বাড়ির পাশেই একটি খাদ সেচ দিয়ে মাছ শিকারের জন্য যায়৷ এর পাশেই ছিলো বিদ্যুৎ চালিত একটি মটার পাম্প। পাইপ লাগিয়ে পানি সেচ দেওয়ার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মুহুর্তে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ এক পর্যায়ে দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত লিমনের পিতা কুদ্দুস জানান, ছয়মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল ছেলে। স্ত্রী তিনমাসের অন্তঃসত্তা রয়েছে৷ সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।