চাকরিতে পুনর্বহালের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৩:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৩:১১ অপরাহ্ন
রাহাদ সুমন, বরিশাল

চাকরিতে পুনর্বহালসহ দুই দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের ছাঁটাইকৃত শ্রমিকরা। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বরিশাল নগরীর চৌমাথা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন নারী-পুরুষ শ্রমিকরা।


এরআগে নগরীর বগুড়া রোডস্থ অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের কারখানার সামনে জড়ো হয় শ্রমিকরা। সেখান থেকে মিছিল নিয়ে তারা নগরীর চৌমাথা এলাকায় আসেন। প্রায় সাড়ে তিন ঘন্টা মহাসড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কের দুইপ্রান্তে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এতে ভোগান্তিতে পরতে হয় শত শত যাত্রী, পরিবহন চালক-শ্রমিকসহ সাধারণ মানুষকে। শুরুতে পুলিশ সদস্যরা মহাসড়ক অবরোধে শ্রমিকদের বাঁধা দিতে চাইলেও বিক্ষোভের মুখে তারা সরে গিয়ে সড়কের একপাশে অবস্থান নেয়। দীর্ঘ সাড়ে তিন ঘন্টা মহাসড়ক অবরোধ রাখার পর শ্রমিকরা কারখানার সামনে ফিরে যায়।


এসময় শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশগ্রহণ করেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বাসদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। 


শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসে পরিশ্রম করে আসছেন। প্রথমে প্রতিদিন ২২০ টাকার হাজিরায় কাজ করার পর প্রতিষ্ঠানটি তাদের মাস্টার রোলে অন্তর্ভুক্ত করে। কিন্তু মাত্র এক বছরের মাথায় হঠাৎ করেই ৫৭০ জন শ্রমিককে বিনা নোটিশে চাকরি থেকে ছাঁটাই করে দেয়া হয়। এতে শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পরেছে।


ছাঁটাই হওয়া শ্রমিকরা অভিযোগ করেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণ পরিকল্পিত এবং শ্রমিকবিরোধী। তাদের দাবি, আমাদের ছাঁটাই করে কোম্পানি নতুনভাবে ১২শ’ শ্রমিক নিয়োগের উদ্যোগ নিয়েছে। এটা স্পষ্টভাবে আমাদের সাথে অন্যায় ও ষড়যন্ত্র।


আন্দোলনে অংশগ্রহণ করা শ্রমিক মিজানুর রহমান জানিয়েছেন, দীর্ঘ ১৭ দিন ধরে তারা আন্দোলন করছেন। ইতিপূর্বে জেলা প্রশাসন এবং শ্রম অধিদপ্তরের উদ্যোগে আমাদের দাবির বিষয় নিয়ে বৈঠক হয়েছে। কিন্তু অপসোনিন ফার্মা কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিচ্ছেনা। চাকরিচ্যুত করার এক মাস আগে আমাদের অপসো স্যালাইন ফার্মায় একটি শ্রমিক ইউনিয়ন অনুমোদন হয়। এ কারণেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। ছাঁটাইকৃতদের পুনর্বহালের আগপর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলেও তিনি উল্লেখ করেন।


বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী বলেন, সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়ভাবে ৫৭০ জন শ্রমিককে একযোগে ছাঁটাই করা হয়েছে। দীর্ঘদিন ধরে শ্রমিকদের আন্দোলন চললেও অপসো স্যালাইন ফার্মা নেতৃবৃন্দ শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করেনি এবং তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেনি। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের চলমান আন্দোলনে বাসদের নেতৃবৃন্দরা তাদের পাশে থাকবে।


বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে অপসো স্যালাইন ফার্মা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। এ কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। বিকেল সাড়ে তিনটার দিকে তারা মহাসড়ক থেকে চলে যাওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।


উল্লেখ্য, চাকরিচ্যুতির প্রতিবাদে বরিশালে অপসো স্যালাইন কারখানায় আন্দোলন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। গত বৃহস্পতিবার কয়েকশ’ শ্রমিক কারখানার প্রধান ফটকসংলগ্ন বগুড়া সড়কে সকাল-সন্ধ্যা প্রতিকী অনশন করেছেন। বুধবার মালিকপক্ষের সাথে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে গেলে আন্দোলনরত শ্রমিকরা মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিলেন।


সূত্রে আরও জানা গেছে, অপসো স্যালাইন দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রæপের একটি প্রতিষ্ঠান। এ কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কর্মরত ছিলেন। গত ২৯ অক্টোবর কারখানার স্টুরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুতকারক) শাখার ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয়। এর প্রতিবাদে এসব শ্রমিকসহ কারখানার সব শ্রমিক গত ৩০ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন।
রাহাদ সুমন,বরিশাল
তারিখঃ১৬-১১-২০২৫ইং

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]