ঝালকাঠি ছাত্রলীগ নেতা বাপ্পির ঘর আগুনে পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১১:৪২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১১:৪২:৫৭ অপরাহ্ন
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ বাপ্পির বসতঘরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো ঘর ভস্মীভূত হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। 

শুক্রবার গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া এলাকায় মিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, বাপ্পি ও তার স্বজনরা কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করায় বাড়িটি ছিল সম্পূর্ণ খালি। রাতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বসতঘরে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পানি দিয়ে নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পুড়ে যায় ঘরে থাকা সব আসবাবপত্র, পোশাক, নথিপত্রসহ মূল্যবান সামগ্রী। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, "রাতে হঠাৎ শব্দ শুনে বাইরে বের হই। দেখি আগুন লেলিহান হয়ে উঠেছে। ডাকাডাকি করে লোকজন জড়ো করি, পানি দিয়ে নেভানোর চেষ্টা করি কিন্তু আগুন এতটাই বেশি ছিল যে কিছুই বাঁচানো যায়নি।"

গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পি অভিযোগ করে বলেন, "আমরা কয়েকদিন ধরে ঢাকায় ছিলাম। ঘর পুরো ফাঁকা ছিল। সেই সুযোগে কে বা কারা গভীর রাতে আগুন দিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে। এটি যে পরিকল্পিত—তা স্পষ্ট। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত ও শাস্তি চাই।"

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন বলেন, "রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনের সূত্রপাত কীভাবে—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হবে। 

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:


সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]