নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বানে দিনব্যাপি সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ। ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, মুফতি তাহের কাসেমী, ড. এ এইচ এম মুস্তাইন বিল্লাহ, এ.কে.এম জয়নুল আবেদীনসহ স্থানীয় আলেম-উলামা।
বক্তারা বলেন, বিশ্বনবী (সা.) মানবতার জন্য রহমত স্বরূপ। তার জীবনাদর্শ অনুসরণেই সমাজে শান্তি, নৈতিকতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে। তারা ইসলামী আদর্শে ব্যক্তিজীবন ও সমাজ গড়ার আহ্বান জানান।