মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এম.পি. বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক মইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কে. এম. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, স্থানীয় পরিবেশক মোনিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মোঃ শাহ আলম। কৃষক সমাবেশে অতিথিবৃন্দ ও স্থানীয় কৃষকরা বায়োলিডের কার্যকারিতা ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথি কে. এম. মনোয়ার হোসেন বলেন, “জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন সময় এসেছে জমির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তি ব্যবহারের। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে ও ফসলকে রোগমুক্ত রাখে। রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব।”
তিনি আরও বলেন, “বায়োলিড শুধু মাটির উর্বরতা বাড়ায় না, এটি জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও এটি অত্যন্ত কার্যকর। কৃষকরা নিয়মিত ব্যবহার করলে ফসলের গুণগত মান উন্নত হবে এবং রোগবালাই অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে।”
আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে তিনজন কৃষককে স্প্রে মেশিন, তিনজনকে মোবাইল ফোন এবং আরও তিনজনকে সিরামিক মগ উপহার হিসেবে প্রদান করা হয়।