বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা রাজশাহী মহিলা টিটিসি- ড.আসিফ নজরুল

আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৭:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৮:৫৭:৪৯ অপরাহ্ন


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি উভয় প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ড. নজরুল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দেশের টিটিসিগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


তিনি বলেন, সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে এবং সেগুলো ভালোভাবে চলছে। এই প্রতিষ্ঠানগুলো থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে, রাজশাহী মহিলা টিটিসিকে তিনি বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে। তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. নজরুল কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।


তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে আমি রাজশাহীতে আসিনি। আমি এসেছি টিটিসি দেখতে। আর আগামীকাল রাজশাহী কোর্টে লিগ্যাল এইড অফিসে যাব। আমি এই দুইটি কাজের জন্যই এসেছি। ব্যক্তিগত অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে উপদেষ্টা রাজশাহীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন।


তিনি বলেন, এমনিতে রাজশাহীতে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! আর আপনাদের, মানে রাজশাহীর মানুষদেরকে আমি খুবই পছন্দ করি। পরিদর্শন শেষে ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং দুই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]