ঠাকুরগাঁওয়ে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী অসুস্থ, এলাকায় চাঞ্চল্য

আপলোড সময় : ০৬-১১-২০২৫ ০৭:০৪:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১১-২০২৫ ০৭:১০:৪৮ অপরাহ্ন


ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খাওয়ার পর বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ৬-ই নভেম্বর সকালে, ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন কুমারপুর উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি।


বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালের ক্লাস শুরুর আগে কিছু শিক্ষার্থী স্থানীয় একটি দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই শিক্ষার্থীদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং তীব্র পেট ব্যথা শুরু হয়। পরবর্তীতে শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষার্থীরা খালি পেটে খাবারগুলো খাওয়ার কারণেই এমন সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে সকল শিক্ষার্থী আশঙ্কামুক্ত এবং তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এ বিষয়ে বলেন, "আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল, তা যাচাই করা হচ্ছে।" শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সুশীল সমাজ এবং সচেতন নাগরিকরা এই ঘটনায় কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন। তারা মনে করেন, শিশুদের স্বাস্থ্যের জন্য মানহীন খাবার অত্যন্ত ক্ষতিকর। যত্রতত্র এসব দোকানপাট থেকে খাবার খেয়ে শিক্ষার্থীরা প্রায়ই অসুস্থ হলেও সেদিকে তদারকির কেউ নেই। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে, অবিলম্বে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং দোকানপাটের উপর জরুরি ভিত্তিতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]