পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দলীয় ত্যাগ ও নিবেদনের স্বীকৃতি হিসেবে মনোনয়ন

আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৭:৫৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৭:৫৯:৪১ অপরাহ্ন
পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী
 
 
মনজুর মোর্শেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

 
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে আলতাফ হোসেন চৌধুরীর নাম পটুয়াখালী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন তিনি।


 
এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী তার কর্মজীবন শুরু করেন পাকিস্তান বিমান বাহিনীর একজন যোদ্ধা পাইলট হিসেবে। তিনি ড্যাসল্ট মিরাজ বিমানের প্রধান পাইলট হিসেবে যোগ্যতা অর্জন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে যোগ দেন এবং ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাইলট প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।


 
১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান (চিফ অব এয়ার স্টাফ) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৫ সালে সামরিক জীবন থেকে অবসর নিয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।

 
বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 
২০০৮ সালে তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং এরপর থেকে দীর্ঘ সময় ধরে দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে সক্রিয় রাখেন। ২০১৬ সাল থেকে তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, দুঃসময়ে দল ও নেত্রীর পাশে থাকার কারণে তাকে এবার পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

 
আলতাফ হোসেন চৌধুরী ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়ার কাছে পরাজিত হলেও দলের প্রতি তার নিষ্ঠা ও নেতৃত্বে দৃঢ়তা বজায় ছিল। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, এবারের নির্বাচনে তিনি পটুয়াখালী-১ আসনে জয়ের অন্যতম শক্তিশালী প্রার্থী।
 

দলীয় সূত্রে আরও জানা গেছে, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর প্রার্থিতা ঘোষণার পর থেকেই পটুয়াখালী জেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকে বলছেন, দীর্ঘদিনের ত্যাগ, অভিজ্ঞতা ও সততার স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন তার প্রাপ্য ছিল।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]