ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:৫৩:৫৭ অপরাহ্ন
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে লিটন (৩০) নামের ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
 
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত লিটন একই ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে এবং  তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।

 
পুলিশ বলছে, নিহত লিটনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

 
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মণ্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিলেন।
 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, লিটন কাঁকন বাহিনীর সদস্য ছিলেন। কসমেটিকস ব্যবসার আড়ালে কাঁকনের হয়ে নদীপথে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন লিটন। ধারণা করা হচ্ছে, গতকাল দুই গ্রুপের সংঘর্ষের সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নদীতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ কথা বলতে রাজি হয়নি।

 
এ বিষয়ে ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের শরীরে একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]