বোয়ালখালীতে কাভার্ড ভ্যানে মিলল চালকের মরদেহ

আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৮:২১:৫৯ অপরাহ্ন
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ডভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরের পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা গাড়িতে স্থানীয়রা চালকের ম*রদেহ দেখতে পান। চালক মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণ হাট এলাকার উকিল পাড়ার মো.ইউনুসের ছেলে। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা গেছে, চালক মহিউদ্দিন গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলার উখিয়া থেকে কাভার্ডভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানি পেপার মিলে এসেছিলেন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, টেকনাফ থেকে মালামাল নিয়ে মহিউদ্দিন একা গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তার সাথে যোগাযোগ হয়েছে। এরপর তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও মহিউদ্দিন রিসিভ করেননি। রবিবার (২৬ অক্টোবর) আমাদের অন্য গাড়ির হেলপার গাড়িটি দেখতে পেয়ে চালকের বিশ্রামের সিটে দেখে মহিউদ্দিনের মরদেহ।

তার মামাতো ভাই মো.জাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন গত ৩ মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নিয়েছে। এর আগে বিছমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করতো।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, কাভার্ডভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তার ডান হাত মাথার নিচে ছিল। পচন ধরে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]