মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় টিউবওয়েলের পানি যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের বিরোধের জেরে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের নাম আঞ্জুআরা বেগম (৩৫)। তিনি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম এলাকার মো. ফরিদুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর দুপুর ২টার দিকে ফরিদুলের বড় ভাই রহিদুল ইসলাম (৩৮)-এর টিউবওয়েলের পানি ফরিদুলের বাড়ির দিকে প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে দুই ভাই ও তাঁদের স্ত্রীদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রহিদুল ধারালো শাবল দিয়ে ছোট ভাই ফরিদুলের স্ত্রী আঞ্জুআরার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৬ অক্টোবর) ভোরে আঞ্জুআরা মারা যান।
রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) ময়নাতদন্ত শেষ না হওয়ায় লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ছিল বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই জামান সানাই।
এ ঘটনায় জামান সানাই ২৩ অক্টোবর দেবীগঞ্জ থানায় রহিদুল ইসলামকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার পরই আমরা মামলা গ্রহণ করেছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মৃত্যুর বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানানো হবে।”
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
০১৭৩৫-৮৮৩৪৫৭
২৬ অক্টোবর ২০২৫ ইং