পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০৯:৪৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১০-২০২৫ ১২:০৮:১৪ পূর্বাহ্ন
 

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে জমি দখল, চাঁদাবাজি ও হামলার অভিযোগে দুই ভাইসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যক্তি। থানায় অভিযোগ গ্রহণ না করায় তিনি আদালতের আশ্রয় নেন।

 
জানা যায়, গত ৭ অক্টোবর পটুয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আমলী) আদালতে মামলাটি দায়ের করেন আউলিয়াপুর ইউনিয়নের বড় আউলিয়াপুর এলাকার বাসিন্দা আবু জাফর (৪৫)। মামলায় ছয়জন সাক্ষীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 
মামলার আসামিরা হলেন, বড় আউলিয়াপুর এলাকার মো. হেলাল মৃধা (৩২) ও মো. বেল্লাল মৃধা (৩৬), পিতা আবদুল কুদ্দুস মৃধা। এছাড়া অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

 
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সম্প্রতি বাদী তাঁদের পাশের সাত শতাংশ জমি ক্রয় করলে আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩ অক্টোবর বিকেলে ইপিজেড সংলগ্ন এলাকায় বাদী ও তাঁর পরিবারের ওপর দা, রামদা, লাঠি ও জিআই পাইপ দিয়ে হামলা চালানো হয়।

 
এ সময় আসামিরা বাদীর কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন (মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 
স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদী থানায় অভিযোগ দাখিল করেন, তবে পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালতে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩৮৫, ৩৮৭, ৩৭৯ ও ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করা হয়।

 
আবু জাফর বলেন, “আমি নিরীহ মানুষ। আসামিরা এলাকায় প্রভাবশালী। থানায় মামলা না নেওয়ায় বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। আমি ন্যায়বিচার চাই।”


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]