নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৫৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন শায়েস্তাগঞ্জ মোড়ে অবস্থানকালে অদ্য ১১/১০/২৫ ইং তারিখ আনুমানিক ভোর ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে সিলেটগামী একটি ট্রাকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য শায়েস্তাগঞ্জ আসতেছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ভোর ০৪.৫৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডুরা ইউনিয়নের অলিপুর গ্রামস্থ রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ঢাকা থেকে আসা একটি ডিস্ট্রিক ট্রাক দেখতে পেয়ে থামানোর জন্য সিগন্যাল দিলে গাড়িটিকে থামিয়ে ট্রাক এর চালক ও হেলপার পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, গাড়ির বডির ভিতরে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে গাড়ি তল্লাশী করে তাদের দেখানো ও নিজ হাতে বাহির করে দেওয়া মতে ড্রাইভারের পিছনে গাড়ির বডিতে ০৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে নীল রংয়ের ১১ প্যাকেট খাকি স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় - ১। মোঃ সাইফুল আলম(৪৮), পিতা- মৃত- আঃ শক্কুর, সাং- ছলিমপুর, পোস্ট- ফকিরহাট, থানা- সীতকুন্ড, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ রুবেল হোসেন (৩০) পিতা- রুহুল আমিন, সাং- পশ্চিম করইতলা, পোস্ট- রমারখীল, থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর। এ সময় তাদের কাছ থেকে একটি ডিস্ট্রিক ট্রাকও জব্দ করা হয়।
ধৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।