নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার অভিযোগ সারজিস আলমের

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩৭:৩৬ অপরাহ্ন
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আইনগতভাবে এনসিপির শাপলা প্রতীক পাওয়ায় কোনো বাধা নেই। তবুও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দিয়ে স্পষ্টভাবে স্বেচ্ছাচারিতা করছে।”


রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ পৌরসভার টোল প্লাজা সংলগ্ন উপজেলা জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


সারজিস আলম বলেন, “নির্বাচন কমিশনের এই স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই কোনো প্রভাবকের কারণে ঘটছে। হতে পারে কোনো রাজনৈতিক দল, সংস্থা কিংবা প্রতিষ্ঠানের প্রভাবে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না।”


তিনি আরও বলেন, “আমরা যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীকের অধিকারী, তাই আমরা অবশ্যই শাপলাই চাই। এমনকি কমিশনের সুবিধার কথা বিবেচনা করে লাল শাপলা বা সাদা শাপলার কথাও বলেছি। কিন্তু এর বাইরে এনসিপি অন্য কোনো প্রতীকের কথা ভাবছেই না। আগামী নির্বাচনে এনসিপি শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে।”


পিআর পদ্ধতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, “এনসিপি স্পষ্টভাবে বলেছে-পিআর পদ্ধতি প্রথমে উচ্চকক্ষে প্রয়োগ করা হোক। কারণ নিম্নকক্ষে এই পদ্ধতি চালুর মতো রাজনৈতিক পরিবেশ, মানসিকতা ও স্থিতিশীলতা এখনো পুরোপুরি তৈরি হয়নি। উচ্চকক্ষে সফল প্রয়োগ দেখা গেলে পরবর্তীতে তা নিম্নকক্ষেও বিবেচনা করা যেতে পারে।”


এর আগে রাত ৮টায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারজিস আলম।


এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মো. ফজলুল করিম, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, পঞ্চগড় জেলা যুব শক্তির সাধারণ সম্পাদক জিএম আলামিন খন্দকার প্রমুখ।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]