স্বর্ণ ব্যবসায়ীর পিছু নিয়ে হাওরে ট্রলারে ডাকাতি

আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ১১:৫৮:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ১১:৫৮:১৫ অপরাহ্ন
 

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ ভরির বেশি স্বর্ণালংকার, ১৭৫ ভরি রুপা ও নগদ ৮৫ হাজার টাকা লুট করেছে ডাকাতেরা। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও বোয়ালীর মাঝামাঝি নাওটানা কুরেরপাড় হাওরে।

ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- জগন্নাথপুরের মনির (৪৭), ট্রলারের মাঝি ইব্রাহীম (৩৫) ও দোকানকর্মী প্রান্ত পাল (১৮)। আহত মনিরের দাবি, ডাকাতেরা তাঁর কাছ থেকেও ৩০ হাজার টাকা নিয়ে গেছে।

ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী হিমেল বণিক (২৮), মোহনগঞ্জ পৌর শহরের দেওথান গ্রামের হীরা বণিকের ছেলে। তাঁর স্বর্ণের দোকান রয়েছে, খালিয়াজুরীর জগন্নাথপুর বাজার ও মোহনগঞ্জ বাজারের পোদ্দারপট্টিতে।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর বাজার থেকে গয়নার অর্ডার সংগ্রহ করে হিমেল বণিক সেগুলো মোহনগঞ্জ দোকানে নিয়ে যান। গতকাল সন্ধ্যায়ও তিনি ৫ ভরি ১২ আনা স্বর্ণ, ১৭৫ ভরি রুপা ও নগদ ৮৫ হাজার টাকা নিয়ে ট্রলারে মোহনগঞ্জ যাচ্ছিলেন। এসময় ১৪-১৫ জনের ডাকাত দল মাছ ধরার ট্রলারে এসে তাঁদের গতিরোধ করে হামলা চালায়।

ডাকাতদের আক্রমণে হিমেল বণিক পানিতে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও তাঁর কর্মচারী প্রান্ত পালকে মারধর করে স্বর্ণ, রুপা ও নগদ অর্থ ছিনিয়ে নেয় ডাকাতেরা। এছাড়া ট্রলারের মাঝি ও অন্যান্য যাত্রীদের কাছ থেকেও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

এসময় একই ডাকাত দল পাশের আরেকটি ট্রলারে হামলা চালিয়ে দুই যাত্রীকে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ডাকাতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]