স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া ও সীমান্তবর্তী মদনের দুই গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে মদন থানাধীন সাইডুলী নদীর তীরে গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে উভয় পক্ষের ১০–১৫ জন আহত হন। এর মধ্যে কেন্দুয়ার জালালপুর গ্রামের অন্তত ৮ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত জাহিম (৪৫), সাইকুল (২০), আউয়াল ও তমাল (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাগর, কামাল, আব্দুল মজিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এবং দুই জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জালালপুর গ্রামের সাফায়ত (৩৫) গরুর ঘাস কাটতে গেলে বাঁশরি গ্রামের আলী বকসের ছেলে সুমন বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে মাছ ধরার জন্য বাঁধ দেওয়া ও মাছ ধরার জাল নিয়ে বিরোধ থেকেও সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।