মোঃ আকতারুজ্জামান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার অপরাধে ইমরান বেকারিকে ৪ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় লাবনী স্টোরকে ২ হাজার টাকা এবং হোটেল পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখা ও মূল্য তালিকা না রাখার কারণে নিউ ক্যাফে বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করে থাকি। সামনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাতে ন্যায্য মূল্যের বেশি দামে পণ্য বিক্রি কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত বা পরিবেশন না হয়, সে লক্ষ্যেই আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাবুল হক। এ সময় দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।