রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত জোটের ১২ মাসে ২৪ সংস্কারের ইশতেহার ঘোষণা

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০১:৫০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০১:৫০:৩৪ অপরাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের উত্তাপ বাড়ার সাথে সাথে, ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ১২ মাসে ২৪টি সুনির্দিষ্ট সংস্কারের একটি বিস্তৃত ইশতেহার ঘোষণা করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এই ইশতেহার প্রকাশ করেন।


জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফাহিম রেজা সংবাদ সম্মেলনে বলেন, আমরা যে ইশতেহার দিয়েছি, তার একটি চার্ট আমরা ক্যাম্পাসে টাঙিয়ে দেব। প্রতি মাসে যে দুটি ইশতেহার পূরণ করা হবে, সেখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। আমরা কথা দিয়ে কথা রাখতে চাই।


ঘোষিত ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলো হলো: শিক্ষার্থীদের কল্যাণ: ডাইনিং-ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দিয়ে মানসম্মত খাবার নিশ্চিত করা, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান, অযৌক্তিক ফি বাতিল, চিকিৎসা কেন্দ্রকে ২০ শয্যাবিশিষ্ট মেডিকেলে রূপান্তর এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই-কার চালু। একাডেমিক ও গবেষণা: বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যৌথভাবে রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা, সেন্টার লাইব্রেরীতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতির বাস্তবায়ন। কর্মসংস্থান ও সুবিধা: পার্ট টাইম জবের সুযোগ সৃষ্টি এবং ছাত্রী হল এরিয়ায় আলাদা সুপারশপ স্থাপন। নিরাপত্তা ও পরিবেশ: ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা, প্রকৃতি রক্ষা কমিটি গঠন করে ক্যাম্পাসকে প্রাণীবান্ধব ও জীববৈচিত্র্যময় করা। প্রযুক্তি ও সংস্কৃতি: ওয়ান অ্যাপ অল সলিউশন বাস্তবায়ন এবং সংস্কৃতি চর্চায় বৈচিত্র্য ও স্বাধীনতা নিশ্চিতকরণ। সংবাদ সম্মেলনে জিএস পদপ্রার্থী ফাহিম রেজা, এজিএস পদপ্রার্থী এস.এম সালমান সাব্বিরসহ প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই ইশতেহার রাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেবে বলে ধারণা করা হচ্ছে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]