নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে বিশেষ অভিযান পরিচালনা করছে সিরাজদিখান থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর (শুক্রবার) বিকেলে গোবিন্দ দাস নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক গোবিন্দ দাস সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বোঝোনাল দাস। গত শুক্রবার তিনি রশুনিয়া গ্রামে একটি একনাম অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "গোবিন্দ দাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা ছিলেন। তাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।





