নারায়ণগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্কের অভিযোগে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের ছেলে আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে আশার বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজনদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করারও অভিযোগ তোলা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) কারণ দর্শানোর নোটিশের বিষয়টি জানাজানি হয়।
এর আগে, বৃহস্পতিবার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে কারণ দর্শানোর এ নোটিশ ইস্যু করা হয়।
আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। তার বাবা অ্যাডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়া তিনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
ডিজিটাল যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে জানিয়েছেন আবুল কাউসার আশা। তিনি তার বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান।
যদিও এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদধারী ও গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের গডফাদার শামীম ওসমান পরিবারের সাথে যারা সম্পৃক্ত ছিল, কার্যক্রম নিষিদ্ধ দলের এমন নেতাকর্মীদেরকে নিজের হীন স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।’
আওয়ামী লীগের নেতাদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা ও ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আইয়ুব মেম্বারসহ অন্যদের সাথে আবুল কাউসার আশার বিভিন্ন ছবির কথাও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরো বলা হয়, ‘যার কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের উপেক্ষা করেছেন এবং দলের ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। যার কারণে বন্দর এলাকায় দল ও সরকারের প্রতি জনগণের বিরূপ মনোভাব তৈরি হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে গভীর সম্পর্ক রেখে নিজের ও দলের সাংগঠনিক অবস্থা এবং দলের নেতা-কর্মীদের মনে রক্তক্ষরণ করে তাদেরকে মানসিকভাবে দুর্বল করেছেন, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বিপজ্জনক।’
এ নোটিশের অনুলিপি দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও সংশ্লিষ্ট দফতরেও পাঠানো হয়েছে।
এদিকে, এ নোটিশের জবাবে আবুল কাউসার আশা বলেন, ‘আমি বিএনপির একজন পরীক্ষিত কর্মী। আমি বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে থেকে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি এবং বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবি মামলায় আমি কারাভোগ করেছি এবং অসংখ্যবার হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে আমি আজও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রাজপথে সক্রিয় রয়েছি।’
তার সাথে আওয়ামী লীগের লোকজনের সংশ্লিষ্টতার বিষয়ে তোলা অভিযোগেরও ব্যাখ্যা দিয়ে আবুল কাউসার আশা বলেন, ‘আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। নির্দলীয়ভাবে নির্বাচন করে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি কখনো আওয়ামী রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। মেম্বার হিসেবে দায়িত্ব পালন কালে স্থানীয় সংসদ সদস্যের সাথে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যোগাযোগ রাখতে হয়েছে। যা কোনোভাবেই দলীয় নেতা হওয়ার প্রমাণ বহন করে না।’
হাবিবুর রহমান প্রসঙ্গে তিনি জনপ্রতিনিধির বিষয়টি উল্লেখ করে বলেছেন, হাবিবুর বিএনপির একজন কর্মী। বর্তমানে তিনি বিএনপির বন্দর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য।
আবুল কাউসার আশা বলেন, ‘আইয়ুব মেম্বার ধামগড় ইউনিয়নের মেম্বার। যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কিন্তু ২০২৪ সালের ২৪ জুলাই ধামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনকে বন্দর থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়ে আসার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।’
আশা অভিযোগ করে বলেন, ‘আসন্ন ইউপি নির্বাচনে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া ৫ আগস্টের পর কিছু রাজনৈতিক ব্যক্তি মামলা-বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসর ও মাদক কারবারিদের জামিনের ব্যবস্থা করে দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে দল ও সমাজের ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে আমার শক্ত অবস্থানের কারণে আমি তাদের চক্ষুশূলে পরিণত হয়েছি।’
তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।





