সোনাইমুড়ীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দর্শকদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্যসচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।
উদ্বোধনী খেলায় নান্দিয়াপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে জয় পেয়েছে আমিশাপাড়া ফ্রেন্ডশিপ ক্লাব। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
আয়োজকেরা জানান, মাসব্যাপী এ টুর্নামেন্ট ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।




