নিজস্ব প্রতিবেদক

নারী ও মেয়েদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে শুধু সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয়, প্রয়োজন কার্যকর আইনি ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সহায়তার পাশাপাশি মানসিক ও সামাজিক সুরক্ষাও নিশ্চিত করতে হবে। রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন।


জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে ইউএনওপিএস বাংলাদেশ ও জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দায়মুক্তির সংস্কৃতি ভেঙে ফেলা: ন্যায়বিচার ও সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ’ শীর্ষক এ আলোচনায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণরা অংশ নেন।


আলোচনায় জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির প্রেসিডেন্ট নাসরিন খান বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সম্মিলিত প্রচেষ্টা, শক্তিশালী অংশীদারত্ব এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার অভিন্ন অঙ্গীকার প্রয়োজন।


অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউলীন রশীদ বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে শুধু সচেতনতা নয়, সম্মিলিত উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জরুরি। ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক নারী ও মেয়ের অধিকার চর্চা এবং সহিংসতামুক্ত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে হবে।


মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ভাসলিমা ইয়াসমিন বিদ্যমান আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আরও শক্তিশালী আইনি কাঠামো প্রয়োজন। বিচারপ্রক্রিয়া হতে হবে সহজলভ্য, সময়োপযোগী ও ভুক্তভোগীকেন্দ্রিক, যাতে প্রত্যেকে সুরক্ষা, মর্যাদা ও প্রয়োজনীয় সহায়তা পান।


আলোচনায় পাস্ট গভর্নর ড. আরিন দেসাওয়ার নারী ও মেয়েদের প্রতি সহিংসতা নির্মূলে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। সিড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. রুবিনা হুসাইন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা শুধু আইনি সহযোগিতায় সীমাবদ্ধ রাখা যাবে না। তাঁদের মানসিক, সামাজিক ও বাস্তব জীবনের প্রয়োজন বিবেচনায় নিয়ে সামগ্রিক ও মানসিক আঘাত-সংবেদনশীল সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁদের মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখতে হবে।


নারীপক্ষের সদস্য, উন্নয়নকর্মী ও সাংস্কৃতিক কর্মী ওয়ারদা আশরাফ বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা বন্ধে কমিউনিটি পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। মানুষকে এ বিষয়ে কথা বলতে উৎসাহিত করা, ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও ধারণাকে চ্যালেঞ্জ করা এবং জবাবদিহিতা দাবি করার সক্ষমতা তৈরি করতে হবে। সহিংসতা প্রতিরোধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।


উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার এবং সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানের শেষ পর্বে জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির অ্যাডভোকেসি চেয়ার সেলিনা মুস্তাফা একটি আহ্বানপত্র বা ‘কল টু অ্যাকশন’ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়। ইউএনওপিএস বাংলাদেশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসফিয়াজ হায়দার সমাপনী বক্তব্য দেন। পরে জোন্টা ক্লাব অব ঢাকা থ্রির ইউএন কমিটি চেয়ার খাদিজা আফজাল ধন্যবাদ জ্ঞাপন করেন।


আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদারে সম্মিলিত উদ্যোগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।