জেলা প্রতিনিধি, শরীয়তপুর

দেশের ভেতরে ও বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু।


তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গণতন্ত্রপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে প্রস্তুত তারা।


শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।


মিয়া নুরুদ্দীন অপু বলেন, ‘গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।’


তিনি বলেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে।’