ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে নি'খোঁ'জ জসিমকে ৮ বছর পর পাওয়া গেল তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২২ ১১:০৯:৫৭
কক্সবাজারে নি'খোঁ'জ জসিমকে ৮ বছর পর পাওয়া গেল তেঁতুলিয়ায় কক্সবাজারে নিখোঁজ জসিমকে ৮ বছর পর পাওয়া গেল তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিবেদক

মানসিক ভারসাম্য হারিয়ে ২০১৮ সালে কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজ হয়েছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন। স্বজনদের দীর্ঘ আট বছরের আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভিডিও। অবশেষে দেশের এক প্রান্ত কক্সবাজার থেকে আরেক প্রান্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসে জসিমকে বুকে জড়িয়ে ধরেছেন পরিবারের সদস্যরা।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জসিমের সঙ্গে পরিবারের তিন সদস্যের পুনর্মিলন ঘটে। জসিম উখিয়ার বালুখালী কাস্টমস এলাকার বাসিন্দা আবুল হোসেনের দ্বিতীয় ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৭-০৮ সালের দিকে জসিম প্রথম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ২০১৮ সালে হঠাৎ করেই বালুখালী এলাকা থেকে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালিয়েও তাঁর কোনো হদিস মেলেনি।


জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি বলেন, “ভাইয়াকে এভাবে ফিরে পাব, তা কখনো কল্পনাও করিনি। রোববার ফেসবুকে ‘হোপনেস্ট বিডি’ (HopeNest BD) নামের একটি পেজের ভিডিওতে ভাইয়াকে দেখতে পাই। নিশ্চিত হয়েই আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিই। প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ভাইয়াকে দেখার পর এক নিমেষেই মুছে গেছে।”


রংপুরের স্বেচ্ছাসেবী তরুণ জয়নাল আবেদীন রাজীব ‘হোপনেস্ট বাংলাদেশ’ নামের মানবিক সংগঠনের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের পুনর্বাসন ও পরিবারে ফিরিয়ে দেওয়ার কাজ করেন। সম্প্রতি তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় খালি গায়ে অপ্রকৃতিস্থ অবস্থায় জসিমকে ঘুরে বেড়াতে দেখেন।


জয়নাল আবেদীন রাজীব জানান, উদ্ধারের সময় জসিম শুধু নিজের নাম এবং বাড়ি ‘বালুখালী’ ছাড়া আর কোনো তথ্য দিতে পারছিলেন না। পরে তাঁকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে পরিবারের সন্ধানে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। সেই ভিডিও দেখেই যোগাযোগ করে পরিবার।


দীর্ঘ ছয় বছর ধরে এমন মানবিক কাজের সঙ্গে যুক্ত রাজীব বলেন, “আট বছর পর আপনজনের কাছে ফিরে যাওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশের নয়। তাঁদের এই মিলন আমাদের কাজের সবচেয়ে বড় সার্থকতা।” আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জসিমকে নিয়ে স্বজনেরা কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ