জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন জিয়াউদ্দিন হায়দার
আপডেট সময় :
২০২৬-০৯-২১ ১৬:১১:১০
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন জিয়াউদ্দিন হায়দার
মশিউর রহমান রাসেল
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে ৩৮ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং ধাত্রীসেবা নিয়ে বাংলাদেশের উদ্যোগ গুরুত্ব পাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এ আয়োজনে পেশাদার ধাত্রীসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে।
সাইড ইভেন্টে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরা হবে।
অনুষ্ঠানের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এতে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা অংশ নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলা এবং মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমাতে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘের এ আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক ও কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের বিষয়টি তুলে ধরা হবে। বিশেষ করে প্রশিক্ষিত ধাত্রী ও অন্যান্য সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জনগণের কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
এদিকে ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এবারের সফরে তুলনামূলক ছোট প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ৩৮ সদস্যের এ প্রতিনিধিদলে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর মধ্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের অংশগ্রহণ স্বাস্থ্য খাতসংক্রান্ত আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে গুরুত্ব দিচ্ছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের এবারের প্রতিপাদ্য ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’। বাংলাদেশের জন্য এবারের অধিবেশন আরও তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স