লংমার্চে জ্বালানির ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, এই লংমার্চে তারা (১১ দলীয় ঐক্য) যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করছে সেটা শুধুই অপচয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময় বাজার কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিরোধীদলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে যে, সরকারের নেওয়া উদ্যোগের বাইরে আর কী কী করা যায়। আজকে হাজার হাজার গাড়ি নিয়ে যে পেট্রোল পোড়াবেন, এটাতে খরচ হবে না? এটা কিনতে তো ডলার লাগে, নিজের টাকা দিয়ে কেনা যায় না।’
দেশের মানুষের জন্য চিন্তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধীদল খালি বক্তৃতা দেয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কোনো প্রোগ্রাম করেছে তারা? দেখছেন আপনারা? দেখেন নাই। আবর্জনা মুক্ত করার জন্য কোনো কর্মসূচি দিয়েছে? দেয় নাই। খালি এই হয়ে গেল, এই হলো না, এখনই দরকার, এটা কি হাওয়া থেকে আসবে?’
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। ক্ষমতায় বসেই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে।’
আব্দুস সালাম আরও বলেন, ‘তবে মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এজন্য সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন।’