সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলী হোসেন ফকির বলেন, ‘বাংলাদেশ পুলিশে ১ পারসেন্টের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একইভাবে কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছেন, যারা সোশ্যাল মিডিয়ায় মনগড়া এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদের চিহ্নিত করতে হবে।’
শিশু নিখোঁজের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন তা ফলাও করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ ষড়যন্ত্র বলে মনে করে।
তিনি বলেন, ‘শিশু নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজও পাওয়া গেছে।’ এর আগে সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি। সেখানে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কিশোর অপরাধ নিয়েও কথা বলেন।
আইজিপি বলেন, ‘একাধিকবার গ্রেপ্তারের পরেও আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশি দিন কারাগারে রাখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দেশে বিশেষ করে রাজধানী ঢাকাতে কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে।’