পঞ্চগড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পঞ্চগড়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—বোদা উপজেলার পাঁচপীর এলাকার সেনপাড়া গ্রামের হৃদয় ইসলাম (২২), পিতা—মো. আশিনা ইসলাম এবং একই এলাকার মহেন রায় (২৩), পিতা—দীনেস রায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে বোদা থানাধীন সাকোরার দিকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাচ্ছে। তারা পুলিশের চোখ এড়াতে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করছিল।
সংবাদ পাওয়ার পর পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে মো. মুন্না ইসলামের দোকানের কাছে কৌশলে অবস্থান নেন। পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে থামানো হয়। মোটরসাইকেলের চালক হৃদয় ইসলাম এবং পেছনে বসা মহেন রায়কে হেফাজতে নেয় ডিবি পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। বস্তাটির ভেতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় নীল পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো ১২টি পোটলা। পরে উদ্ধার করা পোটলাগুলো পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হলে এতে সর্বমোট ১২ (বারো) কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হৃদয় ইসলাম ও মহেন রায়ের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা, মাদকের উৎস এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল—এসব বিষয়ে আরও তথ্য জানতে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে পঞ্চগড় জেলার বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Md. Abdullah Al Mukim Raju
কমেন্ট বক্স