ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অ'ভিযোগ
ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অ'ভিযোগ
মো. হারুন উর রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও নতুন ভোটার হওয়ার সেবা নিতে টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ৭০০ থেকে ৮০০ টাকা দিলে দ্রুত কাজ করে দেওয়া হলেও টাকা না দিলে দিনের পর দিন অফিসে ঘুরতে হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এমন অভিযোগকে কেন্দ্র করে ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। এ সময় পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান বিষয়টি নিয়ে কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চান। জানা গেছে, ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ আলীর ছেলে আলী আব্দুল্লাহ সোহান নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা নির্বাচন অফিসে জমা দেন। কাগজপত্র জমা দেওয়ার প্রায় ১৫ দিন পরও কাজের অগ্রগতি না হওয়ায় তিনি অফিসের
কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির সঙ্গে যোগাযোগ করেন। আলী আব্দুল্লাহ সোহানের অভিযোগ, দ্রুত কাজ করে দেওয়ার কথা বলে তার কাছে ৮০০ টাকা দাবি করা হয়। এ সময় কম্পিউটার অপারেটরের সঙ্গে তার কথোপকথন মোবাইল ফোনে ধারণ করে রাখেন তিনি। পরে বিষয়টি পৌরসভার সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামানকে জানানো হলে তিনি কয়েকজন লোকজন নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যান। সেখানে টাকা চাওয়ার কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। ভুক্তভোগী আলী আব্দুল্লাহ সোহান বলেন, নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা করেও কাজ না হওয়ায় তিনি সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরের সঙ্গে যোগাযোগ করেন। তখন দ্রুত কাজ করে দেওয়ার জন্য তার কাছে টাকা দাবি করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মারুফুর রহমান বলেন, তাঁর কার্যালয়ের কোনো কম্পিউটার অপারেটর অনৈতিকভাবে অর্থ লেনদেন করে থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত কম্পিউটার অপারেটর জাহিদ আল ছানির বক্তব্য পাওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স