ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় শজিমেক হাসপাতালে ইন্টার্নদের ধ'র্ম'ঘ'ট প্র'ত্যা'হা'র, ছাত্রদলের ৫ জন ব'হি'ষ্কা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১৮:৩৮:৩৬
বগুড়ায় শজিমেক হাসপাতালে ইন্টার্নদের ধ'র্ম'ঘ'ট প্র'ত্যা'হা'র, ছাত্রদলের ৫ জন ব'হি'ষ্কা'র বগুড়ায় শজিমেক হাসপাতালে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার, ছাত্রদলের ৫ জন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর টানা ৪০ ঘণ্টা ধরে চলা কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

 

হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং হামলার ঘটনায় জড়িত জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

বৃহস্পতিবার দুপুরে শজিমেক হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, বিএনপি ও ছাত্রদলের স্থানীয় নেতাদের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠক শেষে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

কর্মবিরতি সাময়িক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রিতুল মণ্ডল স্নিগ্ধ।

 

এর আগে মঙ্গলবার রাতে মেডিসিন ওয়ার্ডে আব্দুল মালেক (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনেরা বার্মিজ চাকু ও রড নিয়ে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ২১ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন এবং চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ ঘটনার বুধবার হাসপাতালে ভাঙচুর ও চুরির অভিযোগে থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়। পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে বিচারিক আদালতে পাঠিয়েছে।

 

এদিকে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে বুধবার থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। আন্দোলনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী ভোগান্তিতে পড়েন। তবে সার্বক্ষণিক চালু ছিল জরুরি বিভাগ। 

  •  

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎকদের দেওয়া কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

 

বৈঠক শেষে হাসপাতালের উপ-পরিচালক ডা. মঞ্জুর-এ-মোর্শেদ বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অভিভাবকসুলভ নেতাদের উপস্থিতিতে একটি সফল বৈঠক হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের দেওয়া দাবির মধ্যে বহিরাগত হামলাকারীদের দলীয় শাস্তি নিশ্চিত করা হয়েছে, হাসপাতালে আর্মড আনসার ও সার্বক্ষণিক পুলিশ ফাঁড়ির প্রক্রিয়া শুরু হয়েছে। এসব আশ্বাসের ভিত্তিতে ইন্টার্ন চিকিৎসকেরা তাদের কর্মবিরতি সাময়িকভাবে প্রত্যাহার করেছে।

 

ছাত্রদলের ৫ জন বহিষ্কার

অন্যদিকে বৈঠক চলাকালে বগুড়া শহর ছাত্রদল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি জানায়।

বহিষ্কৃত ছাত্রদল নেতারা হলেন, বগুড়া শহর ছাত্রদলের ১৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. নাফিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. প্রান্ত ইসলাম, সদস্য রাকিবুল হাসান রাকিব এবং ১৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম শিহাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ