ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ ঘণ্টা পর জামালপুর থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-০৩ ১৮:৩৪:৩৬
১৫ ঘণ্টা পর জামালপুর থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু ১৫ ঘণ্টা পর জামালপুর থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের আশ্বাসে দীর্ঘ ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুর থেকে ঢাকাসহ বিভিন্ন দূরপাল্লার রুটে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। 

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের অঘোষিত কর্মবিরতি প্রত্যাহার করেন। এর আগে বাসে ভাঙচুর ও মানববন্ধনে হামলার ঘটনাকে কেন্দ্র করে জেলায় উত্তেজনা তৈরি হয় এবং ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এর আগে সোমবার রাতে জামালপুরের লাহিড়ীকান্দা এলাকায় রাজিব বাস ও ইজিবাইকের সংঘর্ষে চারজন নিহত হন। বুধবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব পরিবহনের বেপরোয়া চলাচলে দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে স্থানীয়রা। ওই সময় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। নিরাপত্তার অভাবের কথা জানিয়ে পরিবহন শ্রমিকরা বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেন। আকস্মিক এই ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনালে এসে বাস না পেয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে অনেককে ভেঙে ভেঙে ছোট যানবাহনে গন্তব্যে যেতে হয়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বাস চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।

বাস চলাচল স্বাভাবিক হলেও রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল এবং নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলন করছিলেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে সেখানে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে ছাত্রশক্তি ও যুবশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

  •  

এই হামলার ঘটনায় বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় যুবশক্তির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ।

মো. আব্দুল্লাহ আল আবিদ সৌরভ অভিযোগ করে জানান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শুভ, সভাপতি মো. রফিকুল ইসলাম জার্ণিস, যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৭০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মানববন্ধনে হামলা চালিয়েছেন এবং আন্দোলনকারীদের বেধড়ক মারধর করেছেন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হামলার পরপরই জড়িতদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা।

হামলার অভিযোগের বিষয়ে জানতে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি।

তবে বাস চলাচলের বিষয়ে তিনি অন্য সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে ১২টি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় শ্রমিকেরা বাস চলাচল স্বাভাবিক করতে রাজি হয়েছে।

জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিও মিলে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলা হয়। পরে তারা আশ্বস্ত হলে বাস চলাচল স্বাভাবিক করার কথা জানান।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ