ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের বিবৃতি: বিদ্যুৎমন্ত্রীর জন্য মেডিক্যাল বোর্ড গঠন
নিজস্ব প্রতিবেদক
শ্বাসকষ্ট, জ্বর ও কাশিজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা কার্যক্রম চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (৭৬) জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে তার হৃদযন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এ অবস্থায় জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে রক্তের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।