রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জ'রিমানা
রেজিস্টারে কম, গুদামে বেশি সার: কালীগঞ্জে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জ'রিমানা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারের মজুদের হিসাব রাখার কথা ছিল স্টক রেজিস্টারে। কিন্তু সেই হিসাবের সঙ্গে বাস্তবে মজুদ থাকা সারের মিল পাওয়া যায়নি। রেজিস্টারে যে পরিমাণ সার দেখানো হয়েছে, গুদামে তার চেয়ে বেশি সার পাওয়া গেছে। এমন গরমিলের কারণে গাজীপুরের কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানের স্টক রেজিস্টার যাচাইয়ের পাশাপাশি সরেজমিনে থাকা সারের মজুদও মিলিয়ে দেখা হয়।
তাতেই হিসাবের সঙ্গে বাস্তব মজুদের পার্থক্য উঠে আসে। আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ না করার বিষয়টি ভোক্তা ও বাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান লঙ্ঘনের আওতায় পড়ে। পরে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলা দুটির পরিপ্রেক্ষিতে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় প্রত্যেক ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাস (৬০)। তিনি দোলান বাজারের অমূল্য কৃষ্ণ দাসের ছেলে। অপরজন মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়া (৩৪), তিনি মৃত আব্দুল কাসেমের ছেলে। দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, বাজারে সারসহ প্রয়োজনীয় পণ্যের মজুদ ও বিক্রয় কার্যক্রম নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স