সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল
নিজস্ব প্রতিবেদক
সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এসএসএসডিডব্লিউয়ের কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি ড্রোন পরিচালনা ও ব্যবহার নিয়ে প্রশিক্ষণের পরিকল্পনাও তুলে ধরা হয়।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় ড্রোনের সহায়তায় বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম দেখানো হয়। পাশাপাশি চোরাচালানবিরোধী অভিযানে ড্রোন ব্যবহার করে চোরাকারবারীদের শনাক্ত ও আটকের কৌশল প্রদর্শন করা হয়।
এ ছাড়া সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে ড্রোনের ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের ব্যবহারিক প্রয়োগও তুলে ধরা হয়।
মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে আকর্ষণীয় ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ প্রদর্শন করা হয়। এতে সীমান্ত নজরদারি ও নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারিক সক্ষমতা তুলে ধরা হয়।